উপযুক্ত পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে: হুমায়ুন কবির

ঢাকা, ২০ আগস্ট – প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন যে তড়িঘড়ি করে নয় বরং পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে।
তিনি উল্লেখ করেন যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে এই সফর নিয়ে বিভিন্ন জল্পনা থাকলেও জাতীয় স্বার্থ বজায় রেখে বাংলাদেশ বর্তমানে কোনো তাড়াহুড়ো না করার নীতি নিয়েছে। গত ১৭ আগস্ট রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা এসব কথা বলেন।
সাক্ষাৎকারে হুমায়ুন কবির ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নতুন আন্তর্জাতিক জোটের সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান যে জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবতাকে প্রতিবেশী দেশটিকে সঠিকভাবে অনুধাবন করতে হবে।
বাংলাদেশে দুই তৃতীয়াংশ মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্কের ভিত্তি তৈরি করতে চায় তা নিশ্চিত হওয়া প্রয়োজন। এছাড়া বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বা প্রচারমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন এটি ভারতের গণতান্ত্রিক শিষ্টাচার পরিপন্থী এবং এ বিষয়ে ঢাকা ইতোমধ্যে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। উপদেষ্টা আরও জানান যে বর্তমান সরকার বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী এবং সে অনুযায়ী ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি বজায় রাখছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের রিয়াদ সফর চূড়ান্ত হতে যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা চলছে।
বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের বিজয়কে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবে দেখছেন উপদেষ্টা। তিনি আরও জানান যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতা কাটিয়ে উঠতে সফল দ্বিপাক্ষীয় আলোচনা চলছে এবং দ্রুতই সেখানে কর্মী গমনের পথ উন্মোচিত হবে।
এস এম/ ২০ আগস্ট ২০২৬









