জাতীয়

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে পুলিশের বহুমুখী পরিকল্পনা

ঢাকা, ২৮ এপ্রিল – দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা সুসংহত করা হয়েছে এবং এই সেবার মান আরও বৃদ্ধিতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৩তম দিনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই বক্তব্য প্রদান করেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে কোনো অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত তথ্য আদান প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান যে, বিমানবন্দর এলাকায় চুরি ও ছিনতাই রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিষিদ্ধ বস্তুর প্রবেশ ঠেকাতে স্ক্যানিং ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া যাত্রী হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা এবং সহায়তা ডেস্ক চালু করার পাশাপাশি আধুনিক লাগেজ সিস্টেম ও ইমিগ্রেশন কাউন্টার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক লাগেজ সিস্টেম ও জনবল পুনর্বিন্যাসের মাধ্যমে পুরো ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language