ভ্রান্ত তথ্য মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

ঢাকা, ২৮ এপ্রিল – তথ্যের অখণ্ডতা নিশ্চিত করা এবং ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির ৪৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই আহ্বান জানান।
অধিবেশনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বর্তমানে ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং ঘৃণামূলক বক্তব্য বিশ্বজুড়ে বিভাজন বাড়াচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার সামাজিক আস্থা ক্ষুণ্ণ করছে। এ পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় ও বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান এবং বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে শান্তিরক্ষা বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বিভ্রান্তিমূলক তথ্য এসব বৈশ্বিক সংকটকে আরও জটিল করে তুলছে। তাই সঠিক তথ্য প্রচার এবং বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শেষে তিনি জাতিসংঘের নীতিমালা ও মূল্যবোধের ভিত্তিতে একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









