ফরিদপুর

ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক আকাশ গ্রেপ্তার

ফরিদপুর, ২৮ এপ্রিল – ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে নিজের দাদি, ফুপু এবং এক প্রতিবেশীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে আকাশ মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার ভোরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযুক্ত আকাশ গদাধরডাঙ্গী গ্রামের নিজ বাড়ির পাশে একটি কলাবাগানে আত্মগোপন করেছিলেন।

এর আগে সোমবার রাতে গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে হত্যা করার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে নিহতরা হলেন আকাশের দাদি আমেনা বেগম, ফুপু সালেহা বেগম এবং প্রতিবেশী কাবুল চৌধুরী। হামলায় রিয়াজুল ইসলাম ও আরজিনা বেগম নামে আরও দুই প্রতিবেশী গুরুতর আহত হন যাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম জানান ঘটনার পর থেকেই ঘাতককে ধরতে তারা তৎপর ছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language