মালদ্বীপ

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

মালে, ২৮ এপ্রিল – মালদ্বীপের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান নামের এক বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন। গত সোমবার দ্বীপটিতে এই দুর্ঘটনাটি ঘটে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহত রাশেদুল গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

হাইকমিশন থেকে জানানো হয়েছে যে তারা শুরু থেকেই দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন। রাশেদুলের মরদেহ দ্রুত স্বজনদের কাছে পাঠানোর জন্য সকল আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আজ মঙ্গলবার রাশেদুলের মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলায়।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language