আপিলেও মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, বৈধ হলো বিএনপি প্রার্থীদের প্রার্থিতা

ঢাকা, ২৭ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আপিল শুনানির প্রথম দিন শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তটি আইনত সঠিক ছিল। ফলে কমিশন আগের সিদ্ধান্তটিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। তিনি জানান, আইনের ব্যাখ্যায় অস্পষ্টতা থাকার কারণে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হওয়া উচিত নয় এবং এ বিষয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন।
এদিকে একই শুনানিতে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খান ও মাধবী মারমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, জীবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদনটি গ্রহণযোগ্য হয়নি কারণ আবেদনকারী নিজে ওই নির্বাচনের প্রার্থী ছিলেন না। আইন অনুযায়ী কেবল সংক্ষুব্ধ প্রার্থীই আপিল করতে পারেন।
অন্যদিকে বিএনপির আরেক প্রার্থী মাধবী মারমার বিরুদ্ধে করা আপিলটিও একই কারণে খারিজ হয়ে যায় এবং তার প্রার্থিতা বহাল থাকে।
এনএন/ ২৭ এপ্রিল ২০২৬









