ট্রাম্পের অনুষ্ঠানে হামলার আগে প্রেস সচিবের সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ওয়াশিংটন, ২৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদকর্মীদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঠিক আগেই হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে এক সাক্ষাৎকারে লেভিট জানিয়েছিলেন যে সেই রাতে কী ঘটতে যাচ্ছে বলে তিনি মনে করছেন। সাক্ষাৎকারে লেভিট বলেছিলেন যে আজ রাতে কিছু গুলি ছোড়া হবে।
তিনি আরও যোগ করেন যে ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ের জন্য প্রস্তুত। তার বক্তৃতা হবে ক্লাসিক ট্রাম্প ঘরানার যা বেশ বিনোদনমূলক এবং মজাদার হবে। তিনি সবাইকে অনুষ্ঠানটি দেখার আহ্বান জানিয়ে বলেছিলেন যে তিনি এটার জন্য অপেক্ষায় আছেন। প্রাথমিকভাবে লেভিটের এই মন্তব্যটিকে রূপক অর্থে ধরা হয়েছিল অর্থাৎ ট্রাম্প তার বক্তৃতায় বিরোধীদের আক্রমণ করে কড়া মন্তব্য করবেন এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে যখন সত্যিকারের গুলির শব্দ পাওয়া যায় তখন অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার অতিথিকে তখন মাটিতে শুয়ে পড়ুন বলে চিৎকার করতে দেখা যায়। নিরাপত্তার খাতিরে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে ট্রাম্প বন্দুকধারীকে আটকের ঘোষণা দেন।
বর্তমানে ক্যারোলিন লেভিটের সেই সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন আবার কেউ কেউ ভিন্ন তত্ত্বের ইঙ্গিত দিচ্ছেন। যদিও ঘটনার সময় অতিথিদের বড় অংশই প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন তবে শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









