বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও দেশে কমল ভরিতে ৩ হাজার টাকার বেশি

ঢাকা, ২৫ এপ্রিল – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির খবরের ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও সোনার বাজার ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২১ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।
লেনদেনের এক পর্যায়ে এই দাম এক শতাংশের বেশি বাড়লেও সপ্তাহজুড়ে সামগ্রিক মূল্যের ক্ষেত্রে ২ শতাংশের বেশি পতন লক্ষ্য করা গেছে। অন্যদিকে জুন মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ৪ হাজার ৭৪০ দশমিক ৯০ ডলারে থিতু হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও বাংলাদেশের বাজারে এই ধাতুর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সময়ে রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়ে বর্তমান মূল্য ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









