দক্ষিণ এশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি স্থায়ী করতে মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইসলামাবাদ, ২৫ এপ্রিল – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৯ দিনের ভয়াবহ সংঘাতের পর গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে মিসর ও পাকিস্তান। এই পরিস্থিতিকে একটি স্থায়ী স্থিতিশীলতায় রূপ দিতে দুই দেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই মন্ত্রীই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন যে এই আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে যা ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করবে।

এছাড়া এই উদ্যোগ বর্তমান উত্তেজনা কমিয়ে সংঘাত বন্ধের উপযুক্ত পরিবেশ তৈরি করবে বলেও তারা মনে করেন। ফোনালাপে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোর বিশেষ করে আরব উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি দ্রুত সমাধানের ওপর জোর দিয়েছেন।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language