জাতীয়

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ২৪ এপ্রিল – বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা মূলত পড়াশোনা করতে আসে, তাই এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কেন্দ্রীয় মন্দির সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল, সংবেদনশীল এবং সহনশীল রাজনীতির পথে অগ্রসর হচ্ছে। এই অগ্রযাত্রায় যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সারাবিশ্বেই এক ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকটের প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। তবে প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক দেরিতে এবং খুবই সামান্য পরিমাণে বাড়ানো হয়েছে।

সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে পরিস্থিতির চাপে কার্ফিউ পর্যন্ত জারি করতে হয়েছে কিন্তু বাংলাদেশে সেই অবস্থা তৈরি হয়নি। সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো দল নেই উল্লেখ করে তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় বাইরের হস্তক্ষেপ বন্ধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে সেটি নিশ্চিত করতে হবে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language