পাবনা

পাবনায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে মামলা, আসামি ৩১ জন

পাবনা, ২৪ এপ্রিল – পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি করেন। শুক্রবার দুপুরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনকালে ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ককটেল ও হাত বোমা নিক্ষেপের সংবাদ পাওয়া যায়।

ছাত্রদল নেতার অভিযোগ অনুযায়ী, ছাত্রশিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের একটি অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language