দক্ষিণ এশিয়া

ভারতকে ‘নিকৃষ্ট স্থান’ বলে ট্রাম্পের মন্তব্য, তীব্র প্রতিবাদ ভারতের

নয়াদিল্লি, ২৪ এপ্রিল – ভারতকে ‘হেলহোল’ বা নিকৃষ্ট স্থান হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে দিল্লি। ট্রাম্পের এই মন্তব্যকে অযৌক্তিক এবং রুচিহীন বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এমন একটি পোস্ট শেয়ার করেন যেখানে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপনের পাশাপাশি ভারতীয় অভিবাসীদের নিয়েও বিরূপ মন্তব্য করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান, ট্রাম্পের মন্তব্যটি স্পষ্টত তথ্যভিত্তিক নয়। এটি অত্যন্ত অনুপযুক্ত এবং নিম্নরুচির পরিচায়ক। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরণের বক্তব্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের সম্পর্কের প্রতিফলন ঘটায় না।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য অ্যামি বেরা এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি অপমানজনক এবং অজ্ঞতাপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ বলে উল্লেখ করেন।

অন্যদিকে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এই মন্তব্যকে ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর অপপ্রয়াস বলে দাবি করেছে।

এমন এক সময়ে এই বিতর্ক শুরু হলো যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নিরসনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরে আসার পরিকল্পনা করছেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, প্রযুক্তি খাতের কর্মীদের ভিসা জটিলতা এবং বাণিজ্য শুল্ক নিয়ে দুই দেশের সম্পর্কে আগে থেকেই কিছুটা অস্থিরতা বিরাজ করছে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language