এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ১৯ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা, ২৩ এপ্রিল – এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে মোট ১৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কঠোর নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে পরীক্ষার এই দিনে কোনো কক্ষ পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কারের ঘটনা ঘটেনি।
এদিন সাধারণ ৯টি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন উপস্থিত ছিলেন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন।
উল্লেখ্য যে, গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬









