জাতীয়

ইরানে জরুরি ওষুধ সামগ্রী পাঠাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

ঢাকা, ২৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান সংকটে ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সংহতি প্রকাশ ও মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের সুচিকিৎসার স্বার্থে ওষুধ ও সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল এক কোটি টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান বাংলাদেশ সর্বদা শান্তির পক্ষে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করে।

সহায়তা গ্রহণের পর ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন এই দুঃসময়ে বাংলাদেশের এই সহমর্মিতা ইরানি জনগণের মনোবল বৃদ্ধি করবে। রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন বিশ্বের যেকোনো প্রান্তে নিপীড়িত মানুষের সহায়তায় রেড ক্রিসেন্ট কাজ করে থাকে। যুদ্ধের এই সংকটকালে ইরানের জনগণের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language