যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রশ্নে ইরানি নেতৃত্বে ঐক্যের সুর

তেহরান, ২২ এপ্রিল – ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বকে নানাভাবে বিভক্ত হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেছেন পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা বিশ্লেষক মারিয়া সুলতান। তিনি জানান, বিশেষ করে আমেরিকার সাথে আলোচনার প্রশ্নে তেহরান বর্তমানে একসুরে কথা বলছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউটের মহাপরিচালক এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মারিয়া সুলতান এই অভিমত ব্যক্ত করেন।
মারিয়া সুলতান বলেন যে ইরানের নেতৃত্বকে বিভক্ত হিসেবে দেখার অবকাশ নেই। বরং প্রধান লক্ষ্য নির্ধারণ, কাঙ্ক্ষিত অর্জন এবং ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার মতো মৌলিক বিষয়গুলোতে ইরানি নেতৃত্বের মাঝে শক্তিশালী ঐক্য পরিলক্ষিত হচ্ছে। তার মতে, বর্তমানে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক বেশি ঐকমত্যভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে।
ইসলামাবাদ থেকে দেখা যাচ্ছে যে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি ও চিন্তাধারার ক্ষেত্রে তাদের মধ্যে পূর্ণ ঐক্য বজায় রয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে তেহরান আগ্রহী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার পক্ষে কারণ অবরোধের ফলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। তবে ট্রাম্পের মতে, অবরোধ প্রত্যাহার করলে তেহরানকে শান্তি চুক্তিতে আনা কঠিন হয়ে পড়বে।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









