মধ্যপ্রাচ্যে উত্তেজনা: মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার দাবি

তেহরান, ২৭ জুন – উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।
আইআরজিসি সতর্ক করে জানিয়েছে,
আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানের বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ওয়াশিংটনের অভিযোগ,
ওই জাহাজটিতে হামলার জন্য তেহরান সরাসরি দায়ী। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনের আশা করা হলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই সম্ভাবনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে নতুন করে দেখা দেওয়া সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
উল্লেখ্য, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে ১৭ জুনের সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে উল্লেখ করেন। ওই সমঝোতায় সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সমঝোতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এস এম/ ২৭ জুন ২০২৬







