ইনস্টাগ্রামে স্প্যাম ফলোয়ার সরানোর নতুন ফিচার: জানুন ব্যবহারের নিয়ম

ঢাকা, ২১ এপ্রিল – জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনেক ব্যবহারকারীই বর্তমানে ভুয়া বা স্প্যাম ফলোয়ার নিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। বর্তমানে স্প্যাম ও বট অ্যাকাউন্টের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ব্যবহারকারীদের পোস্টের এনগেজমেন্ট কমে যাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানে ইনস্টাগ্রাম সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই সন্দেহজনক ফলোয়ার শনাক্ত করে তা মুছে ফেলতে পারবেন।
ইনস্টাগ্রাম এখন থেকে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোকে একটি আলাদা তালিকায় দেখাবে। এই ফিচার ব্যবহারের জন্য প্রোফাইলে গিয়ে ফলোয়ার তালিকায় প্রবেশ করতে হবে। সেখানে থাকা পটেনশিয়াল স্প্যাম অপশনে ট্যাপ করলেই সন্দেহজনক অ্যাকাউন্টের তালিকা দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে এখান থেকে এক এক করে কনফার্ম বা ডিলিট করতে পারবেন। এ ছাড়াও সব স্প্যাম ফলোয়ার একসঙ্গে মুছতে রিমুভ অল স্প্যাম ফলোয়ার্স অপশনটি নির্বাচন করা যাবে।
উল্লেখ্য যে, এই প্রক্রিয়ায় ফলোয়ার সরানো হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে কোনো নোটিফিকেশন যাবে না। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে স্প্যাম ফিল্টার অপশনটিও চালু করতে পারবেন। এর জন্য সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেনু থেকে ফলোয়ার্স অপশনে গিয়ে ফিল্টার স্প্যাম ফলোয়ার্স টগলটি অন করতে হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইনস্টাগ্রামের এই নতুন সংযোজন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আরও নিরাপদ ও কার্যকর রাখতে সহায়তা করবে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









