জাতীয়

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালককে হামলার ঘটনায় গ্রেফতার ৫

ঢাকা, ২১ এপ্রিল – রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃতদের মধ্যে এই হামলার প্রধান অভিযুক্তও রয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর লুৎফর রহমান হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সোমবার দুপুরে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে চিকিৎসক আহমদ হোসেন সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত বিষয়ে হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার ডিউটি শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে যাওয়ার সময় দুই যুবক তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ক্যান্সার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language