আকস্মিক কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন, কোন কেন্দ্রে যাবেন তা নিয়ে রহস্য

ঢাকা, ২১ এপ্রিল – চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আকস্মিকভাবে যেতে পারেন। তবে তিনি ঠিক কোন কেন্দ্রে যাবেন, সে বিষয়টি এখনো অত্যন্ত গোপন রাখা হয়েছে।
সাধারণত মন্ত্রী পর্যায়ের কোনো পরিদর্শন হলে আগে থেকেই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। তবে এবার কোনো তথ্য প্রকাশ না করায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান যে, মন্ত্রী কোথায় যাবেন তা একমাত্র তিনিই জানেন। বিষয়টি তিনি এখন পর্যন্ত অন্য কাউকে জানাননি। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিবের পক্ষ থেকেও কোনো তথ্য প্রদান করা হয়নি।
উল্লেখ্য যে, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এহছানুল হক মিলন দেশজুড়ে নকলবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন। ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনায় তিনি হেলিকপ্টারে করে বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রে আকস্মিক হানা দিতেন।
দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি পুনরায় হেলিকপ্টারে করে পরিদর্শনের ইঙ্গিত দিয়েছেন। এর ফলে নেটিজেনদের কাছে তিনি হেলিকপ্টার মিলন নামে নতুন করে পরিচিতি পেয়েছেন।
এদিকে মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষাটি দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬









