জাতীয়

মোহাম্মদপুরে পুলিশের চিরুনি অভিযান: ভাসমান অপরাধীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি

ঢাকা, ২০ এপ্রিল – রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ চিরুনি অভিযানে নেমেছে পুলিশ। অভিযানে অপরাধের সঙ্গে জড়িত ভাসমান ব্যক্তিদের সুনির্দিষ্ট কর্মসংস্থান না থাকলে এলাকা ছাড়ার কঠোর বার্তা দেওয়া হয়েছে।

রোববার রাতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে এই তল্লাশি কার্যক্রম শুরু হয়।

অভিযান চলাকালীন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রায়েরবাজার থেকে বেড়িবাঁধ পর্যন্ত এলাকায় সংঘটিত অপরাধের সঙ্গে জড়িতদের বড় অংশই ভাসমান। তারা বিভিন্ন জেলা বা উপজেলা থেকে এসে এখানে কোনো সুনির্দিষ্ট জীবিকা ছাড়াই বসবাস করে। মূলত এরাই ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পুলিশের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখানে বসবাস করবেন তাদের অবশ্যই বৈধ পথে জীবিকা নির্বাহ করতে হবে। অন্যথায় তাদের এই এলাকা ত্যাগ করতে হবে।

মোহাম্মদপুরে অপরাধ দমনে এই চিরুনি অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন। গত এক সপ্তাহে মোহাম্মদপুরে দুটি খুনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে এরই মধ্যে হত্যা মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বসিলা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেখানকার পুলিশ ক্যাম্পে জনবল বাড়ানো হয়েছে। বর্তমানে সেখানে দুই প্লাটুন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে যারা নিয়মিত অভিযানে অংশ নেবেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইবনে মিজান বলেন, বসিলা পুলিশ ক্যাম্পকে থানায় রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। থানা থেকে দূরত্বের কারণে এই এলাকায় অভিযান পরিচালনা করা কিছুটা চ্যালেঞ্জিং।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এবং নিরাপত্তার প্রয়োজনে এখানে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপন করা হলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language