মধ্যপ্রাচ্য

লেবাননে বোমা বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত, আহত ৯

বৈরুত, ১৯ এপ্রিল – লেবাননের দক্ষিণাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনাসদস্য নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস লিদোর পোরাত। ৩১ বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে দায়িত্বরত ছিলেন।

যুদ্ধবিরতি চলাকালীন দক্ষিণ লেবাননে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় তাদের ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি চলাচলের সময় পেতে রাখা বোমার ওপর দিয়ে গেলে এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই বোমাটি আগে থেকেই সেখানে পুঁতে রেখেছিল।

নিহত লিদোর পোরাত ও তার সহকর্মীরা সেই স্থানে ভারী যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। বিস্ফোরণে পোরাত ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং চারজনের আঘাত মাঝারি ধরনের। বাকি চারজন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

আইডিএফ এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার পরপরই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে পুনরায় হামলা চালিয়েছে ইসরায়েল।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language