শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন তানসিভ জুবায়ের নাদিম

ঢাকা, ১৯ এপ্রিল – ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন।
শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।
জরুরি সেবা ক্যাটাগরিতে নাদিমসহ মোট ছয়জন চিকিৎসককে এই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
তানসিভ জুবায়ের নাদিম ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ২০১৪ সালে এমবিবিএস সম্পন্ন করার পর ৩৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগদান করেন।
বর্তমানে তিনি ২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে ভাঙ্গার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার দায়িত্ব পালনের এক বছরের ব্যবধানে হাসপাতালটির সেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
প্রাপ্ত তথ্যমতে, এই সময়ে হাসপাতালটির বহির্বিভাগে ১২ শতাংশ, অন্তর্বিভাগে ৫৯ শতাংশ এবং জরুরি বিভাগে রোগীর সংখ্যা ১৩৫ শতাংশ বেড়েছে। এছাড়া স্বাভাবিক প্রসবের হার বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।
এই অর্জনের বিষয়ে তানসিভ জুবায়ের নাদিম বলেন, কোনো স্বীকৃতি বা পুরস্কার কাজের গতি কয়েকগুণ বাড়িয়ে দেয়। তিনি তার সীমিত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করেছেন বলে জানান এবং এই সফলতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৯ এপ্রিল ২০২৬









