মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে জ্বালানি ট্যাংকারে ইরানি বাহিনীর গুলিবর্ষণ

তেহরান, ১৮ এপ্রিল – হরমুজ প্রণালীতে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই একটি জ্বালানিবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত দুটি গানবোট থেকে এই হামলা চালানো হয়। ওমান উপকূল থেকে বিশ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই ঘটনা ঘটে। ইউকেএমটিও নিশ্চিত করেছে যে ট্যাংকার এবং এর ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন তবে হামলার ফলে জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য যে মাত্র একদিন আগেই শুক্রবার লেবানন পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল তেহরান। কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার পুনরায় প্রণালীটিতে কঠোর নিয়ন্ত্রণারোপের খবর এলো। ইরানের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আবারও আগের মতো সামরিক বাহিনীর হাতে থাকবে।

তেহরানের অভিযোগ যে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সমুদ্রদস্যুতার শামিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে জানিয়েছিলেন যে একটি সমন্বিত রুট ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করতে পারবে। এই সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অনেকটা হ্রাস পেয়েছিল। তবে শনিবারের এই নতুন উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা আবারও বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language