জাতীয়

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কড়া সতর্কতা

ঢাকা, ১৮ এপ্রিল – যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। স্টুডেন্ট ভিসার শর্তাবলি যথাযথভাবে পালন না করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে কোর্স পরিবর্তন করলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।

স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাক্রমের নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং সক্রিয়ভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ অনুমতি ব্যতীত পড়াশোনা বন্ধ রাখা বা নিয়ম ভঙ্গ করা ভিসার শর্ত লঙ্ঘনের শামিল। এই ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে পুনরায় মার্কিন ভিসার আবেদনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের সম্ভাব্য আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে সর্বদা ভিসার শর্ত মেনে চলার এবং একজন বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language