নিউজিল্যান্ডের বিপক্ষে নাটকীয় হারের পর মুখ খুললেন অধিনায়ক মিরাজ

ঢাকা, ১৮ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সফরকারী কিউইদের কাছে ২৬ রানে পরাজিত হয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের অর্ধশতক সত্ত্বেও ২২১ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ম্যাচের এক পর্যায়ে ২৫তম ওভারে বাংলাদেশ লক্ষ্যের অর্ধেক রান তুলে নিলেও পরবর্তীতে ডট বলের চাপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শেষ ৯ বল বাকি থাকতেই অলআউট হয় স্বাগতিকরা।
সফরকারীদের হয়ে ব্লেয়ার টিকনার ও ন্যাথান স্মিথ কার্যকরী বোলিং প্রদর্শন করেন।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান যে মাঝে মাঝে এমনটা ঘটে থাকে। দলের সকল খেলোয়াড়ই জয়ের জন্য উদগ্রীব ছিলেন তবে পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি।
বোলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে মিরাজ বলেন বোলাররা বেশ ভালো কাজ করেছেন। এই উইকেটে ২৭০ রান তাড়া করা অসম্ভব ছিল না। তবে ক্যাচ মিসের আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন আমরা যদি দুটি ক্যাচ নিতে পারতাম তবে নিউজিল্যান্ডকে ২০০ রানের নিচেই আটকে রাখা সম্ভব হতো। এটি দলের একটি ছোট ভুল ছিল।
মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে শেষ মুহূর্তে দলে আসা শরিফুল ইসলামের প্রশংসা করেন অধিনায়ক। তিনি বলেন প্রস্তুতির সময় না থাকলেও শরিফুল সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছেন।
এছাড়া ব্যাটিং নিয়ে তিনি বলেন বড় জুটি গড়তে না পারাই ছিল হারের মূল কারণ। লিটন ও তাওহিদ ভালো খেললেও শেষ পর্যন্ত ম্যাচটি শেষ করে আসা প্রয়োজন ছিল।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









