মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার

তেহরান, ১৭ এপ্রিল – হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর চলমান অবরোধের তোয়াক্কা না করেই তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার জাহাজ পারস্য উপসাগরের দিকে যাত্রা করেছে। এই জাহাজগুলো হলো ডিপ সি, সোনিয়া আই এবং দিওনা।
বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্যের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিনটি জাহাজই ইরানি অপরিশোধিত জ্বালানি তেলে পূর্ণ ছিল। ইরানের খার্গ দ্বীপ থেকে গত ২ এপ্রিল ডিপ সি, ৮ এপ্রিল সোনিয়া আই এবং ৯ এপ্রিল দিওনা তে তেল বোঝাই করা হয়।
গত ১৬ এপ্রিল জাহাজ তিনটি একে একে খার্গ দ্বীপ থেকে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরের দিকে রওয়ানা দেয়। তবে ট্যাংকারগুলোর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত ১০ এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার সাহস দেখাল। এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হয়। এর পরদিন ১২ এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকোম হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি করে।
সেন্টকোমের পক্ষ থেকে জানানো হয়েছিল, অবরোধ চলাকালীন কোনো বিদেশি জাহাজ ইরানি বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইরানের নিজস্ব কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না। এমন উত্তেজনার মধ্যেই জাহাজগুলোর যাত্রা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পুনরায় সংলাপের গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তান ইতোমধ্যে দ্বিতীয় দফার এই আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।
এমন এক কূটনৈতিক পরিস্থিতিতে ইরানি জাহাজগুলোর হরমুজ পাড়ি দেওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









