মধ্যপ্রাচ্যে সংঘাত কমার আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

তেহরান, ১৭ এপ্রিল – মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই অবসান হতে পারে এমন ইতিবাচক প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে তেলের মূল্যে এই নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স মূল্য এক শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে অবস্থান করছে। এর আগে মার্চ মাসে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার জেরে তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল।
তবে সাম্প্রতিক দিনগুলোতে দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এলেও সপ্তাহজুড়ে তা ৯০ ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সম্ভাব্য বৈঠকের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









