ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রাজধানী

ঢাকা, ১৭ এপ্রিল – রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ১৭১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। প্রতিবেদনে দেখা যায়, তালিকার শীর্ষে অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো যার বায়ুমানের স্কোর ৬৫৮। দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ৩৪৫।
এছাড়া ২০৫ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই শহর তৃতীয় এবং ১৮১ স্কোর নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু চতুর্থ স্থানে অবস্থান করছে। বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে সেই বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সাধারণত অস্বাস্থ্যকর বলা হয়।
ঢাকার বর্তমান অবস্থান এই পর্যায়ভুক্ত। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে পৌঁছালে তাকে খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে চলাচল সীমাবদ্ধ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোর থাকলে তা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









