মধ্যপ্রাচ্য

ইরানের সব বন্দর অবরোধ করছে মার্কিন সামরিক বাহিনী

তেহরান, ১৩ এপ্রিল – মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোমের পক্ষ থেকে ইরানের সব বন্দরে কঠোর অবরোধ আরোপ করা হচ্ছে।

সোমবার ইরানের স্থানীয় সময় সকাল দশটা এবং বাংলাদেশ সময় দুপুর আড়াইটা থেকে এই অবরোধ কার্যকর হবে।

অবরোধ চলাকালে কোনো দেশের বাণিজ্যিক বা অন্যান্য জাহাজ ইরানের বন্দরগুলোতে প্রবেশ করতে পারবে না এবং সেখানে অবস্থানরত কোনো জাহাজ বন্দর ত্যাগ করতে পারবে না। নির্দেশ অমান্যকারী যেকোনো জাহাজের ওপর মার্কিন বাহিনী সরাসরি হামলা চালাবে বলে সেন্টকোমের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তার মাধ্যমে সেন্টকোম এই তথ্য নিশ্চিত করেছে। ওই বার্তায় বলা হয় আরব সাগর ও ওমান উপসাগরে অবস্থিত বন্দরগুলোসহ ইরানের সব উপকূলীয় এলাকায় এই অবরোধ সমভাবে কার্যকর থাকবে। তবে যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করে ইরান ছাড়া অন্য কোনো গন্তব্যে যাতায়াত করবে তাদের চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।

বাণিজ্যিক জাহাজগুলোর সতর্কতার জন্য অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নোটিশ প্রদান করা হবে বলে সেন্টকোম জানিয়েছে।

উল্লেখ্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ একুশ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। সংলাপ ব্যর্থ হওয়ার পর গতকাল রোববার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই সেন্টকোম ইরানের বন্দরগুলোতে অবরোধের আনুষ্ঠানিক ঘোষণা দিল।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language