এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না সংসদ সদস্যরা: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১২ এপ্রিল – আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে গিয়ে হল পরিদর্শনের সুযোগ পাবেন না স্থানীয় সংসদ সদস্যরা। পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হয়, এমন কোনো কাজ করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, পরীক্ষার হলে দলবল নিয়ে প্রবেশ করে পরীক্ষার্থীদের বিরক্ত করার কোনো সুযোগ নেই এবং কেন্দ্রসচিবদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









