লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের বাধা, গ্রেপ্তার ৫২৩

লন্ডন, ১২ এপ্রিল – ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন এর ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আয়োজিত এক বিক্ষোভ থেকে ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাফালগার স্কয়ারে এই বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় যে একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে লন্ডনের উচ্চ আদালত এক রায়ে সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করেছিল। ওই রায়ের পর এটিই ছিল সংগঠনটির প্রথম বড় কোনো জমায়েত। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন। গত বছরের জুলাই মাসে এই গ্রুপের কয়েকজন সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করার পর সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্যালেস্টাইন অ্যাকশন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধে ব্রিটিশ সরকার সহযোগিতা করছে। যদিও ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধের অভিযোগটি বরাবরই অস্বীকার করে আসছে। সাম্প্রতিক এই বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদকারীরা হাতে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ট্রাফালগার স্কয়ারে জড়ো হন। তাদের অনেকের গায়ে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী সাদা কালো স্কার্ফ দেখা যায়। বিক্ষোভ চলাকালে অনেককে রাস্তায় অথবা ক্যাম্পিং চেয়ারে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে দেখা গেছে।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









