যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এক বৈঠকেই মিটবে না, জানাল ইরান

তেহরান, ১২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এক বৈঠকেই মিটে যাবে, এমন প্রত্যাশা করা অবাস্তব বলে মন্তব্য করেছে ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠক ব্যর্থ হওয়ার পর তেহরানের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা করাটা যৌক্তিক ছিল না। শুধু ইরান নয়, আন্তর্জাতিক মহলের কেউই এমনটি আশা করেনি বলে তিনি উল্লেখ করেন।
ইসমাইল বাকাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য অনেক পুরোনো এবং এই সংকট সমাধানে দীর্ঘ সময়ের প্রয়োজন। পাশাপাশি পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে তেহরান নিয়মিত যোগাযোগ বজায় রাখছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ হলেও কোনো সমঝোতা অর্জিত হয়নি।
সংলাপ ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে সামরিক অভিযান পরিচালনা করে। যুদ্ধের প্রথম দিনেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের একাধিক সদস্য নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন মোজতবা খামেনি। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









