রংপুর

রংপুরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিক্ষকের মৃত্যু

রংপুর, ১২ এপ্রিল – রংপুর নগরীর একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান। বত্রিশ বছর বয়সী এই যুবক লাহিড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেল সংলগ্ন সুরমা পাম্পে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

শনিবার বিকেলে মোটরসাইকেলে জ্বালানি নিতে তিনি সুরমা পাম্পে যান। সেখানে লাইনে অপেক্ষারত অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুরমা পাম্পের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মাহে আলম জানান, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেহেদী হঠাৎ করেই মাটিতে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language