জাতীয়

সংসদে ২৪টি বিল পাস, অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি

ঢাকা, ১০ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মুলতবি ঘোষণা করেন।

এদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল ২০২৬’ সহ মোট ২৪টি বিল পাস হয়েছে।

স্পিকার জানান এই ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জানা যায় অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

পাস হওয়া উল্লেখযোগ্য বিলগুলোর মধ্যে রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপিত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ বিল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাংলাদেশ শিল্পকলা একাডেমী বিল, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বন ও বন্যপ্রাণী বিষয়ক বিল এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর একাধিক অর্থ ও ব্যাংক বিষয়ক বিল। এছাড়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান নিজ নিজ দপ্তরের বিল উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন। অর্থমন্ত্রী ব্যাংক রেজল্যুশন বিল উত্থাপন করলে ঢাকা ১২ আসনের বিরোধী দলের সদস্য সাইফুল ইসলাম মিলন জনমত যাচাইয়ের প্রস্তাব দেন যা কণ্ঠভোটে নাকচ হয়। অপরদিকে মাদারীপুর ৩ আসনের সরকারি দলের সদস্য আনিছুর রহমানের তিনটি সংশোধনী প্রস্তাবের ভিত্তিতে সংস্কৃতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটি স্থিরকৃত আকারে পাস হয়।

সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিলটি কণ্ঠভোটে পাস হওয়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language