১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে গ্রিস

এথেন্স, ১০ এপ্রিল – মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন আসক্তি কমাতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। ২০২৭ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইউরোপজুড়ে কঠোর ডিজিটাল আইন প্রবর্তনের লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই উদ্যোগ গ্রহণ করেছেন। বুধবার এক ঘোষণায় তিনি জানান, ক্রমাগত মানসিক উদ্বেগ, ঘুমের সমস্যা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের আসক্তিমূলক কাঠামোর কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তরুণদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিশুরা দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানোর ফলে তাদের মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না। এছাড়া প্রতিনিয়ত অন্যের সঙ্গে তুলনা এবং অনলাইন মন্তব্যের কারণে শিশুরা এক ধরনের মানসিক চাপের সম্মুখীন হচ্ছে। অনেক অভিভাবকও অভিযোগ করেছেন যে তাদের সন্তানরা ঠিকমতো ঘুমাচ্ছে না, খুব সহজেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে এবং মোবাইল ফোনের পেছনে দীর্ঘ সময় ব্যয় করছে। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত গ্রিসের শীর্ষস্থানীয় জনমত জরিপ প্রতিষ্ঠান এলসিও এর এক প্রতিবেদনে দেখা যায়, প্রায় ৮০ শতাংশ মানুষ এই নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন।
গ্রিস সরকার ইতোমধ্যে স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি কিশোরদের স্ক্রিন টাইম সীমিত করতে প্যারেন্টাল কন্ট্রোল প্ল্যাটফর্ম চালু করেছে। প্রধানমন্ত্রী মিতসোতাকিস বলেন, এই ধরনের উদ্যোগ গ্রহণকারী প্রথম সারির দেশগুলোর মধ্যে গ্রিস অন্যতম। তবে তারা শেষ দেশ হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাদের মূল লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নকেও এই পথে উৎসাহিত করা। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে।
এর ফলে দেশটিতে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়। মেটা, স্ন্যাপচ্যাট ও টিকটক কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার এই আইন মেনে চলার প্রতিশ্রুতি দিলেও তারা মনে করে এটি তরুণদের সুরক্ষায় খুব একটা কার্যকর হবে না। গ্রিস ও অস্ট্রেলিয়ার পাশাপাশি যুক্তরাজ্য, মালয়েশিয়া, ফ্রান্স, ডেনমার্ক ও পোল্যান্ডও সামাজিক মাধ্যমের ব্যবহার কঠোর করতে এ ধরনের নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনকে লেখা এক চিঠিতে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী। ইন্টারনেট আসক্তি থেকে শিশুদের রক্ষার জন্য একক দেশের পদক্ষেপ যথেষ্ট নয় বলে তিনি যুক্তি দিয়েছেন। চিঠিতে তিনি পুরো ইইউ অঞ্চলের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ন্যূনতম বয়স ১৫ বছর করার প্রস্তাব দেন। সেইসঙ্গে সব অনলাইন প্ল্যাটফর্মের জন্য বয়স যাচাইকরণ বাধ্যতামূলক করা এবং আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে ২০২৬ সালের মধ্যে অভিন্ন কাঠামো তৈরির আহ্বান জানান তিনি।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









