বায়ুদূষণে বিশ্বে তৃতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে হ্যানয়

ঢাকা, ১০ এপ্রিল – বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার সকাল ১০টা ১৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুমান সূচক অনুযায়ী ঢাকার বায়ুর মান ১৬৫। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে ১৭৬ স্কোর নিয়ে এই তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়।
১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ১৬২ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি চতুর্থ এবং ১৫১ স্কোর নিয়ে সৌদি আরবের রিয়াদ পঞ্চম অবস্থানে রয়েছে। এই শহরগুলোর বাতাসও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়েছে। আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচনা করা হয়।
৫১ থেকে ১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। যদি স্কোর ৩০১ পার হয়ে যায় তবে সেটিকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









