ব্যবসা

ডলারের দরপতন ও যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ওয়াশিংটন, ৯ এপ্রিল – মার্কিন ডলারের দরপতন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ১৪ দিনের যুদ্ধবিরতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবারও স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭৫৬ দশমিক ৩৭ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ডলার সূচক কিছুটা কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে। ফলে বাজারে এর চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এখনো অনেকটাই অনিশ্চিত। পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এর স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় বিরাজ করছে। লেবাননে ইসরায়েলি হামলা এবং হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনাও বাজারের উদ্বেগ বাড়াচ্ছে।

বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন জানান, ডলারের দুর্বলতা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করলেও বিনিয়োগকারীরা এখনো বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে গেলে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language