জাতীয়

জ্বালানি সরবরাহে স্বচ্ছতা আনতে বিপিসির ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

ঢাকা, ৯ এপ্রিল – দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ নামের একটি অ্যাপ চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে পরীক্ষামূলকভাবে এই অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

এই পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব যানবাহনের জন্য অ্যাপটি চালু করা হবে। জ্বালানি বিভাগ জানিয়েছে, সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও নানা সমস্যার সৃষ্টি হয়। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করেন। এসব সমস্যা সমাধানে ডিজিটাল এই ব্যবস্থাটি বিতরণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার পাশাপাশি রিয়েল টাইম পর্যবেক্ষণের আওতায় আনবে।

এই ব্যবস্থায় বিআরটিএর কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সংযোগ থাকবে। স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড সংগ্রহ করার সুবিধা রাখা হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল পদ্ধতিতে জ্বালানির বরাদ্দ লিপিবদ্ধ করে তা বিতরণ করতে পারবেন।

চালকরা কিউআর কোড স্ক্যান করে জ্বালানি নেওয়ার পাশাপাশি নিজেদের বরাদ্দও দেখতে পারবেন। কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে সারা দেশে জ্বালানি সরবরাহ ও বিতরণের সার্বিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এই উদ্যোগের ফলে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপচয় ও অনিয়ম উল্লেখযোগ্য হারে কমবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language