বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি

বগুড়া, ৯ এপ্রিল – বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি এলাকায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন এবং পত্নীতলা ব্যাটালিয়ন থেকে আট প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা ১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে নির্বাচন কমিশন বগুড়া ৬ আসনটিকে শূন্য ঘোষণা করে।
সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের বিধি মোতাবেক শূন্য হওয়া ওই আসনে আজ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









