শিক্ষা

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়: সংসদে শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম, ৮ এপ্রিল – দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনও কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ফেনী ২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। সংসদে দেওয়া বিভাগের পরিসংখ্যান থেকে জানা যায়, সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম রংপুর বিভাগে।

পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, ঢাকা বিভাগে ৭১৭টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।

এসব গ্রামে নতুন স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং এ সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language