বলিউড

ছেঁড়া পোশাকে ‘ভূত বাংলা’র ট্রেলার লঞ্চে অক্ষয় কুমার, ছবি ভাইরাল

মুম্বাই, ৭ এপ্রিল – বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বরাবরই তার ব্যতিক্রমী উপস্থিতির জন্য পরিচিত। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। আসন্ন হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি একেবারে ভিন্ন রূপে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি ছেঁড়া পোশাকে উপস্থিত হন যা মুহূর্তের মধ্যেই উপস্থিত ভক্ত এবং গণমাধ্যমকর্মীদের নজর কাড়ে।

তার এই অদ্ভুত লুকের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এমন অদ্ভুত সাজের কারণ জানতে চাইলে তিনি রসিকতা করে বলেন, ভূতেরা তার এই অবস্থা করেছে। তার এই মন্তব্য যে নিছকই মজার ছলে বলা তা বুঝতে সেখানে উপস্থিত কারও বাকি ছিল না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অনুষ্ঠানে প্রবেশের সময় ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন অক্ষয়।

একপর্যায়ে তিনি হঠাৎ সিঁড়ি দিয়ে লাফিয়ে নেমে নিজের গাড়ির দিকে এগিয়ে যান। এ সময় তার পেছনে ভক্তদেরও দৌড়াতে দেখা যায়। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভূত বাংলা’ সিনেমাটি। এর ট্রেলার ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফলে ছবির ব্যবসায়িক সফলতা নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট নির্মাতারা।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয়ের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাবু, পরিচালক প্রিয়দর্শন, প্রযোজক একতা কাপুর এবং অভিনেত্রী ভামিকা গাব্বি। বর্তমানে বক্স অফিসে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বেশ ভালো ব্যবসা করছে। তাই মুক্তির পর ‘ভূত বাংলা’ দর্শকদের কতটা প্রেক্ষাগৃহে টানতে পারে সেটিই এখন দেখার বিষয় বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language