মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থা কার্যকর করছে ইরান

তেহরান, ৬ এপ্রিল – হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও নতুন বিধিমালা কার্যকরের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে এই প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই জলপথের নিয়মাবলি চিরতরে বদলে গেছে বলে তারা দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয় পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা একটি নতুন ব্যবস্থার পরিকল্পনা করেছেন। এটি কার্যকর করার লক্ষ্যে তারা সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।

এই ঘোষণার কয়েক দিন আগে হরমুজ প্রণালি নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদন করা হয়। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী এই শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে।

যেসব দেশ ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের ওপরও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হবে। এছাড়া ওই পরিকল্পনায় প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক নিরাপত্তার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে একাধিকবার সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমগুলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হুমকি দিয়েছেন যে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মঙ্গলবার রাত আটটার একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন। ট্রাম্পের এমন চরম বার্তার পর রাশিয়া ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language