জাতীয়

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ২২ দিনে ১১৩ শিশুর মৃত্যু

ঢাকা, ৫ এপ্রিল – দেশে মিজেলস বা হাম পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ১১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হিসেবে ৯৭৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৯২৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ১১৩ জনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মারা গেছে ১৭ জন শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ দেখা গেছে ঢাকা বিভাগে। সেখানে ৩ হাজার ২৫৯ জন সন্দেহভাজন শিশুর মধ্যে ৪৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে।

মৃত্যুহারের ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে সন্দেহভাজনভাবে সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছে এবং ঢাকা বিভাগে মারা গেছে ১০ জন। তবে এ সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language