গাজীপুর

টঙ্গীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

গাজীপুর, ৫ এপ্রিল – গাজীপুরের টঙ্গীতে একটি আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে টঙ্গীর মধুমিতা রেলগেট সংলগ্ন মদিনা পাড়া এলাকায় এম এ কুদ্দুস মিয়ার মালিকানাধীন ভবনের অষ্টম তলায় এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ও ওই ভবনের বাসিন্দারা জানান, সকালে অষ্টম তলার একটি তালাবদ্ধ কক্ষে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই কক্ষের আসবাবপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার পর তাদের তিনটি ইউনিট আধা ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই কক্ষে কেউ উপস্থিত না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language