ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

ঢাকা, ৩ এপ্রিল – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গরমের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ সকাল থেকেই রাজধানীতে প্রখর গরম অনুভূত হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পুরো দিনজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়। পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে ঢাকা ও সংলগ্ন এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









