জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য জর্জিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা লাভ

ঢাকা, ৩ এপ্রিল – জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে এই বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে। জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাপ্রধানের হাতে এই সম্মাননা তুলে দেন।
জর্জিয়া স্টেট সিনেটে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের সর্বসম্মত সমর্থনে এই রেজ্যুলেশন গৃহীত হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে প্রশংসা করা হয়েছে। এই রেজ্যুলেশনটি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এর আগে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্পের সঙ্গে তার দপ্তরে একটি বিশেষ সাক্ষাৎ করেন। এই দ্বিপক্ষীয় বৈঠকে তারা সামরিক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। সেখানে তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সরকারি সফরের অংশ হিসেবে গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রে যান সেনাবাহিনী প্রধান।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









