জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে: চিফ প্রসিকিউটর

ঢাকা, ১৫ জুলাই – জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে এবং একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িতদের এবং ভাসিয়ে দেওয়া ও গণকবরে থাকা মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে শহীদের সংখ্যা এক হাজার চারশ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছেন প্রায় ২৫ হাজার মানুষ।

বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। পরিদর্শনকালে চিফ প্রসিকিউটর সেখানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।

চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় এ পর্যন্ত সরকারি গেজেটে ৮৬৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে এর বাইরেও বহু মরদেহ গণকবর ও নদীতে পাওয়া গেছে যা এখনো তালিকায় যুক্ত হয়নি। দেশের বিভিন্ন স্থানে জুলাইয়ে গণকবর দেওয়া হয়েছে এবং সেগুলো শনাক্ত করার কাজ চলমান রয়েছে।

জুরাইন, মাতুয়াইল, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে গণকবর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে সেখানে থাকা শহীদদের মরদেহ শনাক্তের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কিছু রিপোর্ট পাওয়া গেছে। গণকবরে যাদের দাফন করা হয়েছে তারা গেজেটে এখনও যুক্ত হননি।

এছাড়া একটি হাসপাতাল থেকে নদীতেও অনেক লাশ ফেলে দেওয়া হয়েছে তাদেরও পরিচয় শনাক্তে কাজ চলছে। গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া বাকি শহীদদের শনাক্তের কাজ শেষ হলে মোট শহীদের সংখ্যা এক হাজার চারশ ছাড়িয়ে যেতে পারে।

গণহত্যার বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তারা যতো প্রভাবশালীই হোক না কেন তাদের বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ঘটনার পর আলামত নষ্ট ও লাশ গুম করার যে অপচেষ্টা চালানো হয়েছিল তদন্তের মাধ্যমে তার সবটুকুই বের করে আনা হচ্ছে।

অপরাধীদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে শহীদ পরিবারগুলোকে তিনি আশ্বস্ত করেন। এছাড়া কারো কাছে জুলাই গণহত্যা সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা প্রসিকিউশনকে দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language