ইয়াসিরের লড়াকু ফিফটির পরও হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু বাংলাদেশের

ঢাকা, ১৫ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে ফিফটি হাঁকালেও দলের পরাজয় রুখতে পারেননি ইয়াসির আলী।
রোডেশিয়ানদের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ৩২ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
ওপেনার সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। তানজিদ হাসান তামিম ৮ বলে ১৬ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এরপর মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান দ্রুত আউট হলে বিপাকে পড়ে দল।
দীর্ঘ বিরতির পর ফেরা ইয়াসির আলী ৩৮ বলে ৫৪ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার এই ইনিংস পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।
শেখ মেহেদী হাসান শেষদিকে ১৯ রান যোগ করলেও ৬ বল বাকি থাকতেই অলআউট হয় বাংলাদেশ। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ৩০ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস খেলেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২০ রান করেন।
শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ৩০ ও ব্র্যাড ইভান্সের ১৯ রানের সুবাদে বড় পুঁজি পায় স্বাগতিকরা।
এনএন/ ১৫ জুলাই ২০২৬









