জাতীয়

তেজগাঁওয়ে ট্রেনের ছাদে ছিনতাই, দুই কিশোরকে ধাক্কা দিয়ে ফেলে দিল দুর্বৃত্তরা

ঢাকা, ৩ এপ্রিল – রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতরা হলো ১৬ বছর বয়সী জম্মুন এবং ১৫ বছর বয়সী তৌফিক। আহত তৌফিক জানায়, তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার বাড়িছড়া গ্রামে। ঢাকায় দিনমজুরের কাজের সন্ধানে তারা নরসিংদী রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ ছেড়ে আসা একটি ট্রেনের ছাদে উঠে রওনা হয়েছিল।

পথিমধ্যে তেজগাঁও এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এ সময় তাদের মারধর করে নগদ ৫০০ থেকে ৭০০ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় ছিনতাইকারীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. সেলিম জানান, আহত ওই দুই কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language