জাতীয়

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বিকল্প পথে অপরিশোধিত তেল আনছে বাংলাদেশ

ঢাকা, ২ এপ্রিল – হরমুজ প্রণালির চলমান ভূরাজনৈতিক জটিলতা এড়াতে এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করছে বাংলাদেশ। লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারটিতে জ্বালানি লোড করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে এমটি নরডিক পলুকস নামের একটি জাহাজে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকে আছে।

জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না থাকায় এটি বাংলাদেশে আসতে পারছে না। সম্প্রতি ইরান বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও এই তেলের জাহাজটি সেই তালিকায় নেই। বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি জানিয়েছে, ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে নতুন করে ১ লাখ মেট্রিক টন তেল লোড করা হবে। আটকে থাকা জাহাজ ও নতুন জাহাজ মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোট ২ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে এসব তেল পরিশোধনের পর বাজারজাত করা হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে।

ইস্টার্ন রিফাইনারির তথ্যমতে, এই ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৩২ হাজার মেট্রিক টন পেট্রোল, ১৬ হাজার মেট্রিক টন অকটেন, ৪৮ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার মেট্রিক টন কেরোসিন উৎপাদন করা সম্ভব হবে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, আটকে পড়া জাহাজটির জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়ার চেষ্টা চলছে এবং অনুমতি পেলেই জাহাজটি সরাসরি চট্টগ্রামে চলে আসবে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালির ঝুঁকি এড়াতেই এবার ভিন্ন কৌশল হিসেবে ইয়ানবু কমার্শিয়াল পোর্টকে বেছে নেওয়া হয়েছে। বন্দরটি হরমুজ প্রণালির বাইরে হওয়ায় সেখানে সামরিক বা রাজনৈতিক বাধার আশঙ্কা নেই বললেই চলে। বিএসসি সূত্র আরও নিশ্চিত করেছে, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে অন্তত ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নিরাপদে নোঙর করেছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language